ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে আজহারীর স্ট্যাটাস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৮
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
ঘটনায় ইনকিলাব মঞ্চের নেতা জাবের ও রাকসুর জিএসসহ অন্তত ৩১ জন আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ভিডিওতে দেখা যাচ্ছে- ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেতো। যেমনটি করে একজন পুলিশ কর্মকর্তা কয়েকমাস আগে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু, হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?
মিজানুর রহমান আজহারী লিখেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এমন নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জার ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে আরও বেশী সংযত, পেশাদার এবং মানবিক আচরণ করবেন সে প্রত্যাশা করি।
তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের এমন মারমুখী আচরণ ও অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানাই।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।