ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত মনোনয়ন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠানো হয়েছে।
মনোনয়নের চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন—মোট পাঁচ দিন (১০ থেকে ১৪ ফেব্রুয়ারি) দায়িত্ব পালন করবেন এসব ম্যাজিস্ট্রেট। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে এ দায়িত্বে মনোনীত করা হয়েছে এবং তাদের নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
তারা ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনী অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম সম্পন্ন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত অপরাধের ক্ষেত্রে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
এর আগে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সারা দেশে এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।