বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ডিসি সারোয়ারকে সিলেটে আদালতের শোকজ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৩৯

সংগৃহীত

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে গুলির আদেশ প্রদানের তথ্য সরবরাহ না করার বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। বিষয়টি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশ্যে আসে।

গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এই নোটিশ প্রদান করেন।

আদালতের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে তাজ উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী রুলী বেগম গোলাপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে নামে এবং মামলার সুষ্ঠু তদন্তের জন্য জেলার জেলা প্রশাসক ও বিজিবি কর্মকর্তাদের কাছে তথ্য চাওয়া হয়। বিজিবি তথ্য সরবরাহ করলেও জেলা প্রশাসন জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে সহকারী কমিশনারের মাধ্যমে তদন্ত কর্মকর্তাকে তথ্য দেওয়ায় দেরি হয়।

আদালত উল্লেখ করেছেন, তথ্য না সরবরাহ করার ফলে মামলার তদন্ত বিলম্বিত হচ্ছে এবং বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। আদালতের আদেশ অমান্য করা শাস্তিযোগ্য অপরাধ এবং এটি আদালত অবমাননার শামিল।

আদালত জেলা প্রশাসককে ১৫ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কারণ দর্শাতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেন, "আদালত শোকজ দিয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে আদালতে জবাব দেওয়া হবে।"

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top