রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

মোহাম্মদপুরে চাঁদা না পেয়ে কারখানার কর্মীকে কুপিয়ে জখম, আটক ৫

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪০

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে একটি এমব্রয়ডারি কারখানায় চাঁদাবাজির সময় এক কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় রাসেল-জুনায়েদ গ্যাংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদা দাবি করতে গিয়ে দুর্বৃত্তরা এক কর্মীর ওপর হামলা চালায়। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা রাস্তায় নেমে আদাবর থানা ঘেরাও করেন এবং মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত রাসেলের বাবাকে হেফাজতে নেয় পুলিশ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় একটি গ্যাসের দোকানে মোটরসাইকেলে এসে কয়েকজন ব্যক্তি কর্মচারীকে হুমকি দেন। একপর্যায়ে বৈদ্যুতিক শক দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে দোকান মালিককে গুলি করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

দোকান মালিকের দাবি, ফারুক নামে এক ব্যক্তি সপ্তাহখানেক আগে থেকেই দুই লাখ টাকা চেয়ে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় একদিনেই তিনটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top