বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে মিলবে না সরকারি চাকরি, নতুন বিধিমালা জারি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬

ছবি: সংগৃহীত

ডোপ টেস্টে মাদকাসক্ত প্রমাণিত হলে সরকারি চাকরি মিলবে না- এমন বিধান রেখে নতুন বিধিমালা জারি করেছে সরকার। ‘জৈব নমুনায় মাদকদ্রব্য শনাক্তকরণ (ডোপ টেস্ট) বিধিমালা ২০২৬’ অনুযায়ী, মাদকাসক্তি নির্ণয় পরীক্ষার ফল পজিটিভ হলে সংশ্লিষ্ট ব্যক্তি সরকারি, আধা-সরকারি, স্থানীয় সরকার ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবেন।

কোনো ব্যক্তি ইতিমধ্যে চাকরিতে থাকলে ডোপ টেস্টে পজিটিভ ফলকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা–২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হবে। এছাড়া মাদকাসক্ত হিসেবে শনাক্ত হওয়ার পর নির্ধারিত চিকিৎসা গ্রহণে অস্বীকৃতি জানালেও তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডোপ টেস্ট বাস্তবায়নে একটি টেকনিক্যাল কমিটি গঠনের কথা বলা হয়েছে। এতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে সভাপতি করা হয়েছে।

কমিটিতে আরও থাকবেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক সংক্রান্ত অণুবিভাগের অন্তত উপসচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা মনোনীত বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক পর্যায়ের প্রতিনিধি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর ডিআইজি (ফরেনসিক), ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন সেন্টারের পরিচালক এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকসহ মোট নয়জন বিশেষজ্ঞ। প্রয়োজনে কমিটি সদস্য কো-অপ্ট করতে পারবে।

বিধিমালায় বলা হয়েছে, সরকারি ও বেসরকারি উভয় খাতেই নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট প্রযোজ্য হবে। কর্মক্ষেত্রে কারও বিরুদ্ধে মাদক সেবনের প্রাথমিক সন্দেহ দেখা দিলে পরীক্ষা নেওয়া যাবে।

এছাড়া মোটরযান, নৌযান ও আকাশযানের চালকের লাইসেন্স প্রদান ও নবায়নের সময়, দায়িত্ব পালনকালে চালকের বিরুদ্ধে সন্দেহ উঠলে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া ও নবায়নের ক্ষেত্রে, বিদেশগামী কর্মীদের ক্ষেত্রে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহ থাকলেও ডোপ টেস্ট করা যাবে বলে বিধিমালায় উল্লেখ রয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top