ঈদের আগে অনুষ্ঠিত হবে সংরক্ষিত নারী আসনের নির্বাচন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার পালা সংরক্ষিত নারী আসনের। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করতে হবে। এই সময়সীমা মেনে নির্বাচন কমিশন (ইসি) রোজার মধ্যেই এই নির্বাচন আয়োজন করতে চাইছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, “ঈদের আগেই আমরা নারীদের সংরক্ষিত আসনের নির্বাচন শেষ করার চেষ্টা করব। ৯০ দিনের মধ্যে এটি বাধ্যতামূলক। সেক্ষেত্রে রোজার মধ্যেই আমরা এটি সম্পন্ন করতে চাই।”
তিনি আরও বলেন, “এই নির্বাচন শেষ হলে পরে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।”
সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয় সাধারণ আসনে পাওয়া আসনের অনুপাতে। কোনো দল একাধিক আসন পেলে তবেই তারা নারী আসন পাবে, আর স্বতন্ত্র প্রার্থীরা এককভাবে নারী আসন পায় না।
গেল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে দুটি স্থগিত থাকায় ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিসের কাছে একটি করে আসন গেছে। ৪১টি দল কোনো আসন জেতে পারেনি।
এবারের নির্বাচনে ৮৩ জন নারী প্রার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে বিভিন্ন দলের ৬৩ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২০ জন। এদের মধ্যে সাত জন জয়ী হয়েছেন; বিএনপির ছয় জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।