মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

সচিবালয় কর্মচারীর ছেলেকে অপহরণ, প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টার মধ্যে উদ্ধার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪৩

সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে এক ছেলেকে অপহরণ করা হয়। খবর পেয়ে সচিবালয়ের কর্মচারী বাবা কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন। খবর শুনেই প্রধানমন্ত্রী তারেক রহমান ফোনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন। এক ঘণ্টার মধ্যে পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম উদ্ধারে যুক্ত ছিলেন। তিনি জানান, অপহৃত ছেলেটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর ৪–৫ জন তাকে জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করার হুমকি দেওয়া হয়।

পুলিশ জানায়, অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন করেছিলেন, সেই নম্বরের মাধ্যমে ‘টাকা পাঠানোর’ আশ্বাস দেখিয়ে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। পরে সংশ্লিষ্ট ভবনে গিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, “প্রধানমন্ত্রী শিশু অপহরণের খবর শুনে দ্রুত ব্যবস্থা নিতে ফোন করে পুলিশকে নির্দেশ দেন।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top