বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৮
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের এক সভায় তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
এর আগে এই বিভাগের চেয়ারম্যান ছিলেন ইশতিয়াক সাদেক। তিনি পরিচালক পদ থেকে পদত্যাগ করায় গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব দেওয়া হয় আসিফ আকবরকে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিসিবি নির্বাচনে ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে কাউন্সিলরশিপ নিয়ে পরিচালক পদে নির্বাচিত হন ইশতিয়াক সাদেক। তবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তার পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়। এ বিষয়ে ইশতিয়াক জানান, সময় স্বল্পতার কারণে গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছিলেন না। সে কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
তবে তার পদত্যাগপত্র এখনো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি বিসিবি।
অন্যদিকে পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ার পর বয়সভিত্তিক ক্রিকেটের দায়িত্ব পান আসিফ আকবর। নতুন দায়িত্ব পাওয়ার ফলে এখন তার অধীনে বয়সভিত্তিক ক্রিকেটের পাশাপাশি গেম ডেভেলপমেন্ট বিভাগও যুক্ত হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।