মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ্যে চুম্বন, উগান্ডায় গ্রেপ্তার দুই তরুণী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:২২

সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা-তে প্রকাশ্যে একে অপরকে চুম্বন করার অভিযোগে দুই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে সমকামিতাবিরোধী আইন কঠোরভাবে প্রয়োগে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম ডেইলি মনিটর ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পুলিশের এক মুখপাত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় পুলিশের মুখপাত্র জোসেফাইন আঙ্গুসিয়া জানান, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে ওই দুই তরুণীকে আটক করা হয়েছে। অভিযোগে বলা হয়, তাদের প্রকাশ্যে একে অপরকে চুম্বন করতে দেখা গেছে। প্রতিবেশীরা ঘটনার ছবি তুলে প্রমাণ হিসেবে পুলিশকে দিয়েছেন।

প্রতিবেশীদের দাবি, অনেক নারীকে ওই দুই তরুণীর এক কক্ষের ভাড়া বাসায় যাতায়াত করতে ও রাত কাটাতে দেখা গেছে। তাদের ধারণা, সেখানে সমলিঙ্গের যৌন সম্পর্ক হতো।

ঘটনার পর একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে আদালতে উপস্থাপনের সম্ভাবনা যাচাই ও পরবর্তী নির্দেশনার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, উগান্ডার ২০২৩ সালের সমকামীবিরোধী আইনে পারস্পরিক সম্মতিতে সমলিঙ্গের সম্পর্কের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। গুরুতর ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে।

গ্রেপ্তার দুই তরুণীর বয়স ২০ বছর বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কোনো ধরনের আইনি সহায়তা ছাড়াই তাদের আটক রাখা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top