মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

ফিক্সিং অভিযোগে এক বছর বাইরে, সম্মান ফেরাতে প্রমাণ চাইলেন এনামুল হক বিজয়

ফিক্সিং অভিযোগে এক বছর বাইরে, সম্মান ফেরাতে প্রমাণ চাইলেন এনামুল হক বিজয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৮:৪৮

সংগৃহীত

সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে পারেননি এনামুল হক বিজয়। ফিক্সিং সন্দেহে তার নাম জড়ানোর অভিযোগে তাকে সরিয়ে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর আর কোনো ঘরোয়া ক্রিকেটেও দেখা যায়নি তাকে। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এ তার নাম থাকলেও দেশের বাইরে অবস্থান করায় কোনো ম্যাচে অংশ নেননি তিনি।

পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন বিজয়। এ সময় তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ওমরাহতে গিয়েছিলাম। তাওয়াফ করার সময় আমার সঙ্গে ১০ জন মানুষ কথা বলেছে, এ সম্মানটা আল্লাহ আমাকে দিয়েছে। তারাও বলছে ভাইয়া ঘটনা কী? এটা আসলে কষ্ট দেয়, তারাও একটা সমাধান চায়। কিন্তু আপনারা যারা দায়িত্বে আছেন তারা কেন বুঝতেছেন না আমার একটা সমাধান প্রয়োজন।”

বিজয় স্পষ্ট করে জানান, টাকার জন্য নয়—সম্মানের জন্যই ক্রিকেট খেলেন তিনি।
“আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমার সম্মান দরকার। সম্মানের জন্য ছোটবেলা থেকে ক্রিকেট খেলে আসছি, টাকার জন্য না। সেটা আমি আবার ফেরত পেতে চাই।”

গত এক বছর ধরে অসম্মানের মধ্যে থাকার কথাও উল্লেখ করেন এই ওপেনার। তার ভাষায়,
“আপনারা যে অসম্মান আমাকে দিয়েছেন গত এক বছর ধরে সেটা যথেষ্ট একজন মানুষের জন্য। পরবর্তীতে খেলে আসলে আর সম্মান অর্জন করার মতো মনে হয় না কারোর অবস্থান থাকবে। আমি জানি না আমি নাসায় জব করি কিনা। নাসায় জব করলে বলতে পারতাম আমি অনেক বুদ্ধিমান মানুষ। আমি এমন কিছু করেছি কেউ বুঝতে পারছে না, একদম নীরবে।”

শেষে নিজের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ চেয়ে কঠোর অবস্থানের কথাও জানান বিজয়।
“যদি বোঝা যেতো প্রকাশ্যেই বোঝা যেতো যে আমি করতেছি কিনা। আর আমি এত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতাম না যে আমি কিছু করিনি। আমি তো বলছি আমি কিছু করিনি, করলে আপনি প্রমাণ দেখান। আমি আর ক্রিকেট খেলব না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top