কুমার সাঙ্গাকারার বাবা কেশেমা সাঙ্গাকারা আর নেই
কুমার সাঙ্গাকারার বাবা কেশেমা সাঙ্গাকারা আর নেই
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১৮:৫৭
শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা-র বাবা, জ্যেষ্ঠ আইনজীবী কেশেমা সাঙ্গাকারা মারা গেছেন। পরিবারের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম Newswire তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
ক্যান্ডি শহরের একজন সম্মানিত আইনজীবী ও অ্যাটর্নি ছিলেন কেশেমা সাঙ্গাকারা। দেশের আইন অঙ্গন ও স্থানীয় সমাজে তিনি ছিলেন সুপরিচিত মুখ।
নিউজওয়্যারের খবরে বলা হয়েছে, কেশেমা সাঙ্গাকারা তার স্ত্রী কুমারী, চার সন্তান থুশারি, ভেমিন্দ্র, সারাঙ্গা ও কুমার সাঙ্গাকারা, পুত্রবধূ-জামাতা এবং নাতি-নাতনিদের রেখে গেছেন।
স্বজন ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ ক্যান্ডির নিজ বাসভবনে রাখা হবে। শোকের এই সময়ে পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হয়েছে।
আগামীকাল বুধবার (৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় কেশেমা সাঙ্গাকারার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
কুমার সাঙ্গাকারার ক্রিকেট জীবনের প্রথম কোচ ছিলেন তার বাবা কেশেমা। ক্যারিয়ারজুড়ে ছেলের সবচেয়ে কঠোর সমালোচক হিসেবেও পরিচিত ছিলেন তিনি। কৌশলগত নানা খুঁত প্রায়ই ধরিয়ে দিতেন ছেলেকে। এমনকি একবার ডাবল সেঞ্চুরি করার পরও বাবার বকুনি খেতে হয়েছিল—এ কথা নিজেই জানিয়েছিলেন সাঙ্গাকারা।
আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এবং শ্রীলঙ্কার ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক (২৮,০১৬) সাঙ্গাকারা ২০১৫ সালে জাতীয় দল থেকে অবসর নেন। সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান ২০২০ সালে। অবসরের পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন তিনি—কখনো কোচ ও ক্রিকেট পরিচালক, কখনো বিশ্লেষক কিংবা ধারাভাষ্যকার হিসেবে। বর্তমানে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।