নির্ধারিত সময়ে অফিসে আসেননি কেউ, বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১১:৩৫
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে নির্ধারিত সময়ে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় তিনি আকস্মিক পরিদর্শনে গেলে অফিস তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।
সকাল ৯টা ২৪ মিনিট পর্যন্ত অফিস খোলা হয়নি। এ সময় প্রতিমন্ত্রী নিজেই অফিসের বারান্দায় বসে সেবাগ্রহীতাদের অভিযোগ শোনেন। প্রায় আধঘণ্টা সেখানে অবস্থান করে তিনি উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।
সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কাউকে না পেয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, দায়িত্ব পালনে এমন গাফিলতি অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত এক সেবাগ্রহীতা জানান, তিনি নামজারি সংক্রান্ত আবেদন গ্রহণের পর পরবর্তী কার্যক্রম জানার জন্য সকাল সাড়ে ৮টার দিকে অফিসে আসেন। কিন্তু এসে দেখেন অফিস বন্ধ। নির্ধারিত সময়ে সেবা না পেয়ে তিনি ভোগান্তিতে পড়েন।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। নাগরিকদের সেবা পাওয়ার অধিকার সমুন্নত রাখতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ভূমি অফিসগুলোকে ঘিরে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের যেকোনো প্রান্তে যেকোনো সময় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে যাবেন, যাতে সেবাগ্রহীতারা নির্বিঘ্নে সেবা পান।
নির্ধারিত সময়ে অফিস কার্যক্রম শুরু না হওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে তিনি অফিস প্রাঙ্গণে অপেক্ষা করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
ভবিষ্যতে ভূমি অফিস সংক্রান্ত নেতিবাচক সংবাদ যেন আর প্রকাশ না হয় এবং জনগণ সময়মতো ও হয়রানিমুক্ত সেবা পান—সেই লক্ষ্যেই মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।