আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২৬, ১১:৪০
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে এ অবস্থান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে রোববার (১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর হামলায় খামেনি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়।
বিবৃতিতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার মাধ্যমে হত্যা করা হয়েছে—এ ঘটনায় বাংলাদেশ সরকার মর্মাহত। এটি আন্তর্জাতিক আইন ও প্রচলিত নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়।
এ ঘটনায় ইরান এর ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘাত কোনো স্থায়ী সমাধান বয়ে আনে না। বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যের মাধ্যমেই বিরোধ নিষ্পত্তি সম্ভব।
এর আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষাপটে রোববার একটি পৃথক বিবৃতি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করা হয়।
তবে ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। একই সঙ্গে ইরানে হামলার ঘটনাতেও কোনো নিন্দা জানানো হয়নি।
বিবৃতিটি প্রকাশের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে সোমবার নতুন করে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে সরকার।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।