বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার: শিক্ষামন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১২:১৫

ছবি: সংগৃহীত

শিক্ষাকে সময়োপযোগী ও আধুনিক করতে বিদ্যমান পাঠ্যপুস্তক সংশোধন এবং নতুন শিক্ষাক্রম প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি জানান, শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক সংশোধন ও নতুন শিক্ষাক্রম প্রণয়নে কোনো ধরনের দলীয় বিবেচনা করা হবে না। দেশের স্বনামধন্য ও উচ্চমানের বিশেষজ্ঞদের সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান, চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য শারীরিক শিক্ষা, মানসিক স্বাস্থ্য শিক্ষা এবং শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব বিষয় শুধু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তই নয়, নিয়মিত মূল্যায়নের আওতায়ও আনা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই সৃজনশীল, স্বাস্থ্যসচেতন ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নত ও মানসম্মত পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। শিক্ষাকে দেশের উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মো. মাহবুবুল হক পাটোয়ারী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয় ও বোর্ডের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top