রাষ্ট্রপতি অপরাধী, তার ভাষণ শোনা যাবে না:জামায়াত আমির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১৬:৫৮
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ভাষণ বর্জন করে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “এই সংসদ জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছি, ফ্যাসিস্ট সরকারের দোসর বা খুনির সহযোগী যেন এখানে বক্তব্য রাখতে না পারে।”
বৃহস্পতিবার অধিবেশন থেকে ওয়াক আউট করে জামায়াত আমির বলেন, রাষ্ট্রপতি তিনটি কারণে অপরাধী। প্রথমত, তিনি সব খুনের সহযোগী ছিলেন। দ্বিতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্টের ভাষণে তিনি তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর পদত্যাগ মঞ্জুর করার কথা জানিয়েছেন, কিন্তু পরে তা অস্বীকার করেছেন। এতে তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হয়েছেন।
তৃতীয়ত, রাষ্ট্রপতি নিজের হাতে অর্ডিন্যান্স স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংস্কার সংশোধন পরিষদের সদস্যও হবেন। কিন্তু সরকারি দল সেই শপথ নেয়নি। জামায়াত আমির আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতি ৭০ শতাংশ জনগণের ‘হ্যাঁ’ ভোটকে অপমান করেছেন এবং ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন ডাকেননি।
প্রথা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। কিন্তু ভাষণের শুরুতেই বিরোধী দলের তীব্র প্রতিবাদের কারণে অধিবেশন থেকে বিরোধী সদস্যরা ওয়াক আউট করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।