শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

দুর্নীতি মামলায় জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৭:২১

সংগৃহীত

সাংবাদিক আনিস আলমগীর দুঃসাহসী মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্ত হন।

কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন আনিস আলমগীরের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তার জামিন সংক্রান্ত কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায় এবং যাচাই-বাছাই শেষে শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। জামিনে মুক্তির পর তিনি স্বজনদের সঙ্গে কারাগার ত্যাগ করেন।

জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় আদালত তার জামিন মঞ্জুর করেন। ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পাওয়ায় কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী তাসলিমা জাহান।

এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা বিভাগে নেওয়া হয়। পরদিন উত্তরা পশ্চিম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ উচ্চ আদালত তাকে জামিন দিয়েছেন।

উল্লেখ্য, ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। মামলায় অভিযোগ আনা হয়, তিনি ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পরে ২৫ জানুয়ারি আদালত তার গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন এবং পরবর্তীতে এই মামলাতেও তিনি জামিন পান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top