শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সংসদে রাজাকারদের নিয়ে শোক প্রস্তাবের অভিযোগে ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০০:৩৮

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত রাজাকারদের নিয়ে শোক প্রস্তাব উত্থাপনের অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের ৪১ জন বিশিষ্ট নাগরিক।

শুক্রবার (১৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক আবু ইউসুফ, কবি শাহেদ কায়েস, হেনরী স্বপন এবং সাংবাদিক এনায়েত কবীরসহ আরও অনেকে।

বিবৃতিতে বলা হয়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সংসদে উপস্থিতি এবং তাদের জন্য শোক প্রস্তাব উত্থাপন করা মহান বাংলাদেশের মুক্তিযুদ্ধ–এর চেতনাকে অবমাননা করার সামিল। এটি শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মান এবং জাতির জন্য লজ্জাজনক বলেও উল্লেখ করা হয়।

তারা বলেন, যে সংসদ ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত, সেই সংসদে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রতি সম্মান দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, ‘জুলাই চেতনার’ আড়ালে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত বা মুছে ফেলার অপচেষ্টা চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজাকার, আল-বদর ও মানবতাবিরোধী অপরাধীরা কখনোই রাষ্ট্রীয় সম্মানের যোগ্য নন। এ ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভুল বার্তা দেবে বলেও তারা সতর্ক করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top