ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১১:২৪
ঈদে ঘরমুখো যাত্রীদের বহনকারী বগুড়ার সান্তাহারে দুর্ঘটনার শিকার ট্রেনের ক্ষয়ক্ষতি কমানো ও যাত্রীদের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাকবলিত এলাকা বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় সেখানকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে দুর্ঘটনাকবলিত ট্রেন দ্রুত উদ্ধার, রেল যোগাযোগ পুনরায় চালু এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘি এলাকায় লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিজের নির্বাচনী এলাকা হওয়ায় বগুড়ার এই দুর্ঘটনার প্রতি বিশেষ নজর রেখেছেন প্রধানমন্ত্রী। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
পরে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তারেক রহমান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।