সৈয়দপুর বিমানবন্দরে ‘ফ্রি ওয়াই-ফাই’ সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:২৪

সংগৃহীত

দেশের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় সেবার মান বাড়াতে এবং ডিজিটাল সুবিধা সম্প্রসারণে বিনামূল্যে ওয়াই-ফাই চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর-এ এই সেবার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফর শেষে ঢাকায় ফেরার পথে তারেক রহমান কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফ্রি ওয়াই-ফাই সেবাটি চালু করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানান, সরকারের এই উদ্যোগের আওতায় ধাপে ধাপে দেশের সব বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ইন্টারনেট সুবিধা চালু করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সরকার সারা দেশের জনবহুল স্থানে ‘বিনা মূল্যে পাবলিক ইন্টারনেট’ নিশ্চিত করছে। এর ফলে রেলস্টেশন, বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষ সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

এরই মধ্যে কক্সবাজার বিমানবন্দর, রাজশাহী বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন-এ এই সেবা চালু হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে যাত্রী ও সাধারণ মানুষ সহজেই তথ্য আদান-প্রদান, অনলাইন যোগাযোগ এবং ভ্রমণসংক্রান্ত কাজ করতে পারবেন। দেশের ডিজিটাল সেবা সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top