ওমরাহ পালনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানা গেল কারণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৩:১৯

ছবি: সংগৃহীত

ঈদুল ফিতরের পরপরই ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হওয়া যুদ্ধের কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তারও ওমরাহ সফরের পরিকল্পনা ছিল। তবে ইরান যুদ্ধের কারণে সফর স্থগিত করতে হয়েছে। তিনি বলেন, "ঈদের সময় সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আমিও যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।"

গত বছরের ডিসেম্বরে লন্ডন থেকে দেশে ফেরার সময়ও প্রধানমন্ত্রীর ওমরাহ সফরের আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তখন তিনি সরাসরি ঢাকায় ফিরেন। সঙ্গে যাওয়ার কথা ছিল তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের।

বিএনপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। সেই সময় মা খালেদা জিয়া তার সঙ্গে ছিলেন। এর আগে ২০১৪ সালে ওমরাহ পালন করেছিলেন। তখনও সফর শেষে লন্ডনে ফিরে গেছেন।

এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মার্চের শুরুতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। এরপর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, লেবাননসহ ওই অঞ্চলের কয়েকটি দেশে পাল্টা হামলা চালায় ইরান। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top