বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

যেসব এলাকায় আজও ব্যাংক খোলা, জেনে নিন লেনদেনের সময়সূচি

অর্থনীতি ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১২:১৫

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে আজ ১৯ মার্চ (বৃহস্পতিবার) দেশের কিছু শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের গত ১০ মার্চের নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত কিছু এলাকায় ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো স্বল্পসংখ্যক কর্মীর মাধ্যমে তাদের কার্যক্রম চালু রেখেছে। মূলত ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের তৈরি পোশাক শিল্প ঘন এলাকায় অবস্থিত ব্যাংক শাখাগুলো এই বিশেষ সেবার আওতায় রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের অনুযায়ী, বৃহস্পতিবার ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সাধারণ গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য স্বল্প বিরতি রাখা হয়েছে। ১৮ মার্চ থেকে সরকারি ছুটি শুরু হলেও পোশাক খাতের জরুরি প্রয়োজনে এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে আজ যেসব শাখা খোলা রাখা হয়েছে তার একটি সংক্ষিপ্ত চিত্র পাওয়া গেছে। প্রাইম ব্যাংক তাদের আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখা খোলা রেখেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখায় লেনদেন চালু রেখেছে।

ব্র্যাক ব্যাংকের মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখা খোলা রয়েছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ ও রংপুরের বিভিন্ন শাখার পাশাপাশি পাবনা ও বগুড়ার শাখাও চালু রেখেছে। এনসিসি ব্যাংক তাদের মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইলসহ গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সেবা দিচ্ছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক তাদের ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কাওরানবাজার ও গুলশানসহ নির্দিষ্ট কিছু শাখা খোলা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকও চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ বেশ কিছু শিল্পাঞ্চলীয় শাখায় কার্যক্রম চালাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক নির্ধারিত বিশেষ ভাতা প্রাপ্য হবেন। মূলত পোশাক শিল্পের আর্থিক লেনদেন সচল রেখে ঈদ আনন্দ নির্বিঘ্ন করতেই সরকারের নির্বাহী আদেশে এই বিশেষ ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top