রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো চালুর ঘোষণা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৫:৩৫
খেলোয়াড়দের রাজনৈতিক সম্পৃক্ততা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ক্রীড়াবিদদের মূল পরিচয় হওয়া উচিত তাদের পারফরম্যান্সে, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়। তিনি বলেন, খেলোয়াড়রা দেশ-বিদেশে ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা তুলে ধরবেন এটাই প্রত্যাশা।
রবিবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশপ্রেম, দৃঢ় মনোবল ও দলীয় চেতনা থাকলে খেলোয়াড়দের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। খেলাধুলায় হার মানেই ব্যর্থতা নয়, বরং সেটি জয়েরই একটি অংশ—এ কথাও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ শুরু করেছে। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় বেতন কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে খেলোয়াড়রা তাদের পছন্দের খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনে ভাতা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা এবং খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে।
আগামী ১৪ এপ্রিল থেকে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালুর ঘোষণাও দেন তিনি। পাশাপাশি ‘সবার জন্য ক্রীড়া’ প্রতিপাদ্যে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও ক্রীড়া কার্ডের আওতায় আনার কথা জানান।
জনপ্রিয় খেলা ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি আর্চারি, বক্সিং, সাঁতার, অ্যাথলেটিক্সসহ অন্যান্য খেলাধুলায় পৃষ্ঠপোষকতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব খেলাতেও বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করতে পারে।
শিশু-কিশোরদের ক্রীড়ায় আগ্রহী করে তুলতে শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এছাড়া, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে নতুন একটি কর্মসূচি আগামী ৩০ এপ্রিল থেকে সারা দেশে চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ল্যাপটপের বাটন চাপার মাধ্যমে সোনালী ব্যাংকের অনলাইন ব্যবস্থায় ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা করে ভাতা প্রদান করা হয়। পরে তাদের হাতে ক্রীড়া কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।
সূত্র: বাসস
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।