শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্য ও আগ্রহের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক শতাধিক হকারকে উচ্ছেদ করা হয়। এতে জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী।

বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য সরকার বিকল্প স্থানের ব্যবস্থা করবে। পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে তাদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।

এছাড়া স্কুল ও কলেজে ক্লাস শুরু ও শেষের সময়ে সড়কে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব মাঠের একটি অংশ পার্কিংয়ের কাজে ব্যবহার করা যেতে পারে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, দুই সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top