রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

৪ দিনেও নিয়ন্ত্রণে আসেনি জাপানের দাবানল, ভস্মীভূত ২ হাজার একর বনভূমি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৩৬

ছবি: সংগৃহীত

জাপানের উত্তরের ইওয়াতে অঞ্চলে ভয়াবহ দাবানল টানা চার দিনেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে প্রায় দুই হাজার একর বনভূমি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের ভয়াবহতা এতটাই বেড়েছে যে ওতসুচি শহরের আবাসিক এলাকার খুব কাছাকাছি তা পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় স্থানীয় প্রশাসন তিন হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

দাবানল নেভাতে এক হাজারের বেশি দমকলকর্মী দিনরাত কাজ করে যাচ্ছেন। স্থানীয় বাহিনীর পাশাপাশি টোকিওসহ আরও কয়েকটি অঞ্চল থেকে উদ্ধারকারী দল এসে যোগ দিয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহার করে পানি ছিটানো হচ্ছে।

এটি জাপানের ইতিহাসে এখন পর্যন্ত তৃতীয় বৃহত্তম দাবানলের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। আগের প্রাকৃতিক দুর্যোগের ক্ষত না শুকাতেই নতুন এই বিপর্যয়ে আবারও আতঙ্কে পড়েছেন স্থানীয়রা। অনেকেই আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন, কেউ কেউ দূরবর্তী শহরে চলে গেছেন।

এখন পর্যন্ত কয়েকটি বসতবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিকট ভবিষ্যতে বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে পড়েছে।

এদিকে দমকল বাহিনী আশঙ্কা করছে, বাতাসের গতি বাড়লে আগুন আরও বিস্তৃত হয়ে উপকূলীয় এলাকাগুলোর জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে স্থানীয় প্রশাসন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top