এপ্রিলে সড়কে ঝরল ৪০৪ প্রাণ, আহত ৭০৯
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৪:৫১
দেশে গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে। এ মাসে মোট ৪৬৩টি সড়ক দুর্ঘটনায় ৪০৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৯ জন।
বুধবার (৬ মে) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশন-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং সংগঠনের নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, মোট দুর্ঘটনার মধ্যে ১৪২টি ছিল মোটরসাইকেল সংক্রান্ত। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১৩ জন, যা মোট মৃত্যুর প্রায় ২৮ শতাংশ। এছাড়া পথচারী নিহত হয়েছেন ১০২ জন (২৫.২৪ শতাংশ)। চালক ও সহকারী নিহত হয়েছেন ৪৬ জন।
দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা গেছে, জাতীয় মহাসড়কে সবচেয়ে বেশি ১৬৮টি দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আঞ্চলিক সড়কে ১৯৩টি, গ্রামীণ সড়কে ৪৫টি এবং শহরের সড়কে ৫৭টি দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার ধরন অনুযায়ী, ৯৭টি মুখোমুখি সংঘর্ষ, ১৯৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৬টি পথচারীকে চাপা দিয়ে এবং ৫২টি পেছন থেকে ধাক্কার কারণে ঘটেছে। এসব ঘটনায় মোট ৬৫৯টি যানবাহন জড়িত ছিল, যার মধ্যে বাস ৮৪টি, ট্রাক ৯১টি, মোটরসাইকেল ১৫৩টি এবং থ্রি-হুইলার ১১২টি।
সময়ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, সকালে সবচেয়ে বেশি ২৮.৫০ শতাংশ দুর্ঘটনা ঘটে, আর রাতে ঘটে ১৯ শতাংশ।
বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগ-এ। সেখানে ১০৯টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১০২ জন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগ-এ, যেখানে ১২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১২ জন। রাজধানীতে ৩৬টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ৬৭ জন।
দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা, মহাসড়কে ধীরগতির যান চলাচল, তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, ট্রাফিক আইন অমান্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং গণপরিবহনে চাঁদাবাজিকে দায়ী করেছে সংস্থাটি।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।