শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪৩

সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিল আবেদন করেছেন একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের আইনজীবী জহিরুল ইসলাম মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রোববার (৮ ফেব্রুয়ারি) অথবা ভোটের আগেই লিভ টু আপিলের ওপর শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপনের চেষ্টা করা হবে।

এর আগে এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে নাহিদ ইসলামের করা রিট আবেদন গত ৩ ফেব্রুয়ারি সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় লিভ টু আপিল দায়ের করা হয়।

নাহিদ ইসলামের পক্ষে আইনজীবী জহিরুল ইসলাম মুসা গণমাধ্যমকে জানান, লিভ টু আপিলে কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার সিদ্ধান্ত এবং তাকে ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। তিনি বলেন, “রোববার শুনানির চেষ্টা থাকবে, সম্ভব না হলে নির্বাচনের আগেই শুনানির উদ্যোগ নেওয়া হবে।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আর মাত্র চারদিন বাকি রয়েছে।

উল্লেখ্য, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা গত ২২ জানুয়ারি তাকে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেন।

তবে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিক, অর্থাৎ তিনি দ্বৈত নাগরিক। পাশাপাশি এই তথ্য তিনি মনোনয়নপত্রের হলফনামায় গোপন করেছেন বলেও অভিযোগ করা হয়। এসব অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বৈধ ঘোষণা ও প্রতীক বরাদ্দের সিদ্ধান্তের বিরুদ্ধে গত ২ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেন নাহিদ ইসলাম।

শুনানি শেষে ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। সেই আদেশের বিরুদ্ধেই এবার আপিল বিভাগের চেম্বার আদালতে লিভ টু আপিল করেছেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top