আলোচনায় থেকেও নির্বাচনে পরাজিত হলেন যারা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৪

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। তবে নানা আসনে জয়ের আশা জাগিয়েও শেষ মুহূর্তে পরাজিত হয়েছেন একাধিক আলোচিত প্রার্থী।

নাসীরুদ্দীন পাটওয়ারী-

রাজধানীর ঢাকা-৮ আসন ছিল সবচেয়ে আলোচিত। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-এর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন।

সারজিস আলম-

পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলম আলোচনায় ছিলেন। তিনি ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট পান। বিপরীতে ধানের শীষ প্রতীকে মুহম্মদ নওশাদ জমির পান ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট। ফল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানিয়ে রাজনৈতিক সৌহার্দ্যের নজির স্থাপন করেন সারজিস।

মামুনুল হক-

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটসমর্থিত মামুনুল হক ও বিএনপির ববি হাজ্জাজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রায় ২ হাজার ৩২০ ভোটের ব্যবধানে মামুনুল হক পরাজিত হন। ফল ঘোষণার পর তিনি কারচুপির অভিযোগ তোলেন।

আমিনুল হক-

ঢাকা-১৬ আসনে বিএনপির আমিনুল ইসলাম ৮৪ হাজার ২০৭ ভোট পান। তবে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল বাতেন ৮৬ হাজার ৮২৩ ভোট পেয়ে জয়ী হন।

মিয়া গোলাম পরওয়ার-

বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ আসনে ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে বিএনপির মোহাম্মদ আলি আসগারের কাছে পরাজিত হন।

শিশির মনির-

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়াত প্রার্থী মোহাম্মদ শিশির মনির প্রত্যাশা জাগিয়েও হেরে যান। বিএনপির নাছির উদ্দিন চৌধুরী প্রায় ৩৯ হাজার ৯৩২ ভোট বেশি পেয়ে জয়ী হন।

হামিদুর রহমান আজাদ-

কক্সবাজার-২ আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদ ৩৫ হাজার ৬২৮ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।

জিএম কাদের-

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) লাঙ্গল প্রতীকে ৪৩ হাজার ৩৮৫ ভোট পেয়ে তৃতীয় হন। আসনটিতে জয়ী হন জামায়াত প্রার্থী।

মাহমুদুর রহমান মান্না-

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রত্যাশিত ফল করতে পারেননি। মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে তিনি জামানত হারান।

হারুনুর রশীদ হারুন-

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির উপদেষ্টা হারুনুর রশীদ হারুন ১ লাখ ২৬ হাজার ৯৯৭ ভোট পেলেও জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের কাছে পরাজিত হন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত ভোটের অঙ্ক মেলাতে পারেননি অনেক হেভিওয়েট প্রার্থী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top