চাঁদা না পাওয়ায় চিকিৎসককে মারধরের অভিযোগ,যুবদলের দুই নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৩

সংগৃহীত

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় চাঁদা না পাওয়ায় একটি আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের ঘটনায় ইউনিয়ন যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা।

বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতি বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

সম্প্রতি বানারীপাড়া বাইশারী বাজারের আয়ুর্বেদিক চিকিৎসক বিভাস ঋষি-র কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল। চাঁদা না পেয়ে শুক্রবার তার ওপর হামলা চালানো হয়। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top