‘তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তার এমপি-মন্ত্রীরা কবে ঋণ শোধ করবেন?’
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলার আগে ক্ষমতাসীনদের নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত। তিনি দাবি করেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর এক প্রতিবেদনে উল্লেখ আছে যে বিএনপির প্রায় ৬২ শতাংশ নির্বাচিত সংসদ সদস্যের বিভিন্ন ধরনের ঋণ রয়েছে, যার মোট পরিমাণ ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তার প্রশ্ন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বললেও তার মন্ত্রিসভা ও সংসদ সদস্যরা কবে নিজেদের ঋণ পরিশোধ করবেন—এ বিষয়টি দেশের মানুষ জানতে চায়।
নাহিদ ইসলাম বলেন, দুর্নীতির প্রতিরোধ নিজের ঘর থেকেই শুরু হওয়া উচিত। ঋণ পরিশোধের স্বচ্ছতা নিশ্চিত না করে দুর্নীতিবিরোধী বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তারা গণতন্ত্রের অগ্রযাত্রা, রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিলেন। তবে বিভিন্ন কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নির্বাচন প্রক্রিয়া মোটামুটি সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে।
দেশের স্থিতিশীলতার স্বার্থে ফলাফল মেনে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে তারা শপথ নিয়েছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দলের শপথ না নেওয়াকে তিনি জনগণের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন।
মন্ত্রিসভা গঠন নিয়েও সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গঠনের যে প্রত্যাশা ছিল, তার প্রতিফলন মন্ত্রিসভায় দেখা যায়নি। তার দাবি, প্রায় ৬২ শতাংশ মন্ত্রী বা প্রতিমন্ত্রী ব্যবসায়ী এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ঋণখেলাপি। গুরুত্বপূর্ণ বাজেটের একটি মন্ত্রণালয়ের দায়িত্ব এমন একজনকে দেওয়া হয়েছে, যিনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত এবং হত্যা মামলার আসামি—এমন অভিযোগও তোলেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।