বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৮:৫০

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট কার্যক্রম বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। বর্তমানে দুই আসনেই ভোট গণনা চলছে।

বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার। ভোট চলাকালে জামায়াতের প্রার্থী কিছু অনিয়মের অভিযোগ তুললেও শেষ পর্যন্ত ভোট বর্জন না করে ফলাফলের জন্য অপেক্ষা করার ঘোষণা দেন।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন। ১৫০টি কেন্দ্রে ৮৩৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। দায়িত্ব পালন করেন দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ভোটারদের সেবা ও শান্তি রক্ষায় ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা নিয়োজিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড মোতায়েন ছিল।

বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।

অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনেও ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মিজানুর রহমান।

ভোট চলাকালে বিকেল ৩টার দিকে জামায়াতের প্রার্থী অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন। তবে নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

নির্বাচন চলাকালে শ্রীবরদী সরকারি কলেজ মাঠ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

শেরপুর-৩ আসনে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার রয়েছেন। ১২৮টি কেন্দ্রে ৭৫১টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, ভোটগ্রহণ সুষ্ঠু ও স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। কিছু এলাকায় জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ আসনে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন স্থগিত করা হয়েছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top