বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

লেবাননে হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন, কঠোর বার্তা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৯:১৫

ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন করে হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি চলমান সমঝোতার ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, লেবাননের জনগণের পাশে সবসময় থাকবে ইরান। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলের এ হামলা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিকে প্রশ্নবিদ্ধ করছে, ফলে ভবিষ্যৎ আলোচনা অর্থহীন হয়ে পড়তে পারে।

এদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ লেবাননকে যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তার ভাষায়, লেবানন ও সমগ্র প্রতিরোধ জোট ইরানের মিত্র এবং তারা এই সমঝোতার অবিচ্ছেদ্য অংশ।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানী বৈরুতসহ একাধিক এলাকায় এসব হামলায় বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় দুইশ’তে পৌঁছেছে। আহত হয়েছেন অন্তত এক হাজার মানুষ। অন্য একটি সূত্রে নিহতের সংখ্যা আরও কিছু বেশি বলে উল্লেখ করা হয়েছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা দুই শতাধিক এবং আহতের সংখ্যা এক হাজারের বেশি। এর আগের দিনও হামলায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রাণ হারান এবং শত শত মানুষ আহত হন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top