বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবাকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৯:৪৩

ছবি: সংগৃহীত

ফরিদপুরে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে (৪৩) আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসে বুধবার (৮ এপ্রিল)। এ ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল এ ঘটনা ঘটে। ঘটনার পর অসুস্থ অবস্থায় ওই নারী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং সেখানকার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চারদিন চিকিৎসা নেন। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সুজন শেখ (৩৫) শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা। স্থানীয়দের দাবি, বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তার সখ্যতা রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছেন ওই নারী। প্রায় ১০ বছর আগে স্বামী মারা যাওয়ার পর অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন তিনি। এখনো কোনো সরকারি সহায়তা পাননি।

ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি প্রতিবেশী সুজন শেখ তাকে ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। সেই বিশ্বাসে ২ এপ্রিল সকালে তার সঙ্গে রিকশায় করে বের হন তিনি। পরে তাকে শহরের একটি এলাকায় নিয়ে একটি আবাসিক হোটেলে প্রবেশ করানো হয় এবং সেখানে ধর্ষণের শিকার হন তিনি।

অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ৬ এপ্রিল তিনি বাড়ি ফেরেন।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বলেন, স্বামীহারা হয়ে অভাবের মধ্যে দিন কাটছিল। সরকারি সহায়তা পাওয়ার আশায় বিশ্বাস করে অভিযুক্তের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাসই তার জীবনে ভয়াবহ পরিণতি ডেকে এনেছে। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগ অস্বীকার করে সুজন শেখ দাবি করেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং ঘটনাটি মিথ্যা।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top