শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে মাদ্রাসাছাত্রী গুরুতর আহত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৪৮

সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলার চরমুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত লিজা আক্তার উপজেলার পূর্ব কলাদী এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে। সে মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস শেষে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফেরার পথে মহিলা কলেজ এলাকায় পৌঁছালে পাশের একটি নির্মাণাধীন তিনতলা ভবন থেকে হঠাৎ একাধিক ইট তার মাথায় পড়ে। এতে সে রক্তাক্ত হয়ে সড়কে পড়ে অচেতন হয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজীব কিশোর বণিক জানান, আহত শিক্ষার্থীর কপাল ও মাথায় সেলাই দেওয়া হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সিটিস্ক্যান করার পরামর্শ দেওয়া হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে চাঁদপুরে নিয়ে যান।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান মানিক বলেন, ঘটনাটি সম্পর্কে জানা গেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top