পাটগ্রামে ভুয়া চেকের মাধ্যমে প্রতারণা, সমবায় সমিতির আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ
মিঠু মুরাদ | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৪:১৬
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে ভুয়া চেকের মাধ্যমে প্রতারণা করে ৫ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রায়হান আলী (আবু) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি পেশায় সাইকেল মেকার বলে জানা গেছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতে রায়হান আলী নিজ এলাকায় নিবন্ধনবিহীন “এ,আর,এস” নামে একটি সমবায় সমিতি গড়ে তোলেন। আস্থা অর্জনের জন্য তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণা চালান এবং দাতা সংস্থা খোঁজার নামে কার্যক্রম পরিচালনা করেন।
এই আস্থার সুযোগ নিয়ে তিনি স্থানীয় ব্যবসায়ী মোঃ আমিনুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে ২০২৩ সালের ২২ এপ্রিল তারিখে এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমিনুর রহমানের কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা ধার নেন। এর বিপরীতে তিনি জনতা ব্যাংক লিমিটেডের একটি স্বাক্ষরিত চেক প্রদান করেন।
পরবর্তীতে নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না পেয়ে ভুক্তভোগী আমিনুর রহমান ওই চেক ব্যাংকে জমা দেন। পরে জানা যায়, অভিযুক্তের হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুর রহমান স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে আদালতের শরণাপন্ন হন।
তিনি পাটগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকে অভিযুক্ত রায়হান আলী (আবু) আত্মগোপনে রয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।