শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

লঞ্চে ৬ মাসের শিশুকে রেখে উধাও বাবা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৪৯

সংগৃহীত

পটুয়াখালীর বাউফল থেকে ঢাকাগামী একটি দোতলা লঞ্চে ৬ মাস বয়সি এক কন্যাশিশুকে রেখে উধাও হয়ে গেছেন তার বাবা।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাউফলের ধুলিয়া লঞ্চঘাট এলাকায় ‘এমভি বন্ধন-৫’ লঞ্চে এ ঘটনা ঘটে।

লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রী সূত্রে জানা যায়, বিকেলে কালাইয়া ঘাট থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যায় ধুলিয়া ঘাটে নোঙর করার পর এক ব্যক্তি শিশুটিকে নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে তার বাবা পরিচয় দেন। পরে তিনি অন্য যাত্রীদের পাশে বসেন।

কিছুক্ষণ পর তিনি ‘শিশুর মা আসছে’ বলে যাত্রীদের শিশুটির দিকে খেয়াল রাখতে বলেন এবং দ্রুত লঞ্চ থেকে নেমে যান। এরপর আর তাকে ফিরে আসতে দেখা যায়নি।

সহযাত্রী সোহেল জানান, ওই ব্যক্তি দীর্ঘ সময় ফিরে না আসায় সন্দেহ তৈরি হয়। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে বিষয়টি নিশ্চিত হয় যে তিনি আর ফিরছেন না। এরপর লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে নিরাপদে কয়েকজন নারী যাত্রীর হেফাজতে রাখে।

‘এমভি বন্ধন-৫’ লঞ্চের সুপারভাইজার মো. সজল বলেন, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেলেন তা জানা যায়নি। শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং তার পরিবারের খোঁজ চলছে।

কালাইয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আল মামুন জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন। শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধানে তদন্ত চলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top