বরিশালে জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের ঝটিকা মিছিল
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৭:২৭
বরিশাল নগরের সদর রোড এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। এতে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে বিবিরপুকুর এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এরপর এটি কাকুলী মোড়ের ট্রাফিক পুলিশ বুথের সামনে দিয়ে অগ্রসর হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে থাকা ব্যানারে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচার দাবি লেখা ছিল। ব্যানারে দলের শীর্ষ নেতাদের ছবিও দেখা যায়। মিছিলে থাকা অধিকাংশ ব্যক্তির মুখে চিকিৎসা-সুরক্ষামূলক মাস্ক ছিল, কেউ কেউ কালো কাপড়ে মুখ ঢেকে রাখেন এবং অনেকেই চশমা ব্যবহার করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
প্রায় ৩০ জনের মতো এতে অংশ নেন বলে জানা যায়। কিছুক্ষণ সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পর মিছিলটি দ্রুত আশপাশের গলিতে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই সবাই এলাকা ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সময় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা তুলনামূলকভাবে কম দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত সরে পড়েন। তিনি বলেন, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।