তেলের লাইনে ১২ দিন ধরে পড়ে আছে মোটরসাইকেল, খোঁজ নেই চালকের
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৭:৩২
রংপুর মহানগরের একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য লাইনে রেখে যাওয়া একটি মোটরসাইকেলের চালকের খোঁজ মিলছে না গত ১২ দিন ধরে। এ ঘটনায় নগরজুড়ে ব্যাপক কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছে।
শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, শাপলা চত্বর এলাকার মেসার্স ইউনিক ফিলিং স্টেশনের এক পাশে নিরাপদভাবে রাখা রয়েছে মোটরসাইকেলটি।
জানা যায়, মোটরসাইকেলটি তেল নেওয়ার উদ্দেশ্যে লাইনে রাখা হয়েছিল। এটি টিভিএস কোম্পানির মেট্রো প্লাস মডেলের একটি মোটরসাইকেল, যার নম্বর প্লেটে লেখা রয়েছে রংপুর মেট্রো-হ ১১-০৫৭২। কিন্তু এরপর থেকে চালকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ফিলিং স্টেশনের বিক্রয় কর্মী আলমগীর ইসলাম বলেন, সেদিন তেল বিক্রির সময় লাইনে মোটরসাইকেলটি ছিল, কিন্তু চালক সেখানে ছিলেন না। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি আশপাশেই আছেন। তবে দীর্ঘ সময় পার হলেও তিনি আর ফেরেননি। পরে অন্যান্য গ্রাহকদের অসুবিধা এড়াতে মোটরসাইকেলটি সরিয়ে রাখা হয়।
তিনি আরও জানান, সেদিন রাতেও ফিলিং স্টেশন বন্ধ করার সময় বাইকটি একই জায়গায় ছিল। পরদিন সকালেও সেটি সেখানেই পাওয়া যায়। এরপর সেটি নিরাপত্তাকর্মীদের জিম্মায় রাখা হয়, কিন্তু এখন পর্যন্ত মালিকের সন্ধান মেলেনি।
ফিলিং স্টেশনের আরেক কর্মচারী বিপ্লব ইসলাম বলেন, আমরা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা করেছি। কিন্তু মোটরসাইকেলটি এমন জায়গায় ছিল যেখানে ক্যামেরার দৃশ্যপথে ধরা পড়েনি। তাই পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, বিষয়টি এখন আমাদের জন্য একটি বাড়তি দায় হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন মাধ্যমে মালিকের খোঁজ করার চেষ্টা করছি। পাশাপাশি গণমাধ্যমেও বিষয়টি জানানো হয়েছে, যাতে দ্রুত প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়।
এদিকে ফিলিং স্টেশনে অপেক্ষমাণ অন্যান্য চালকরা জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যায় না, এতে চরম ভোগান্তি তৈরি হয়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের পরিস্থিতিতে অনেকেই হয়তো বিরক্ত হয়ে চলে যান, তবে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।