৩ বছরের শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগে বাবা আটক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:০৪
রাজধানীর বাড্ডায় ৩ বছর বয়সি শিশু হাবিবুল্লাহকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মো. শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে বাড্ডা থানাধীন বেরাইদ এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহীন মিয়া পুলিশি হেফাজতে রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা যায়, ওই রাতে শাহীন অনলাইন জুয়া খেলার জন্য তার স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তিনি তার ৩ বছরের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত শাহীন মাদকাসক্ত ছিলেন এবং অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।