মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

গজারিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:০৫

সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রামের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শাহাদাত তার পালিত গরু মাঠে ছেড়ে দেন। পরে সকাল ১০টার দিকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি গরুটি আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top