মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবল চট্টগ্রাম, চরম দুর্ভোগে নগরবাসী

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৫:১৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতার চিত্র দেখা গেছে। মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাতেই নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নগরীর প্রবর্তক মোড়সহ বেশ কয়েকটি এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। এতে পথচারী ও যানবাহন চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীতে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অল্প বৃষ্টিতেই প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুর এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। বিশেষ করে প্রবর্তক মোড়ে পানি জমে থাকায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পথচারী আনিসুজ্জামান দুলাল জানান, পানির কারণে স্বাভাবিকভাবে হাঁটা সম্ভব হচ্ছে না। এই সুযোগে রিকশাচালকেরা বাড়তি ভাড়া আদায় করছেন। যেখানে আগে ৩০ টাকা ভাড়া ছিল, এখন সেখানে ৫০ থেকে ৬০ টাকা দিতে হচ্ছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী জানান, প্রবর্তক এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। উন্নয়ন কাজের কারণে পানি নিষ্কাশন সাময়িকভাবে বাধাগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top