পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট বুধবার
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৪:০৬
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
মঙ্গলবার সকাল থেকেই ইভিএম বিতরণ কেন্দ্রগুলো থেকে ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ভোটের সরঞ্জামসহ ইভিএম বুথে পৌঁছে দেওয়া হচ্ছে।
এই দফায় রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে রয়েছে নদিয়া (১৭), উত্তর ২৪ পরগনা (৩৩), দক্ষিণ ২৪ পরগনা (৩১), কলকাতা (১১), হাওড়া (১৬), হুগলি (১৮) এবং পূর্ব বর্ধমান (১৬) আসন।
এ দফায় মোট ১ হাজার ৪৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ শাসক দল তৃণমূল কংগ্রেসের একাধিক মন্ত্রী ও বিধায়ক রয়েছেন, পাশাপাশি বিরোধী দল বিজেপির শুভেন্দু অধিকারীসহ অনেক প্রার্থীও লড়ছেন।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। মোট ২ হাজার ৩৪৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি বাহিনী রয়েছে উত্তর ২৪ পরগনায় (৫০৭ কোম্পানি) এবং দক্ষিণ ২৪ পরগনায় (৪০৯ কোম্পানি)।
এর আগেই বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। জগদ্দলে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন এবং এক কেন্দ্রীয় বাহিনীর সদস্য আহত হওয়ার খবরও পাওয়া যায়। এ ঘটনায় কিছুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে আরামবাগে এক সংসদ সদস্যের গাড়িতে ভাঙচুরের অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারত–বাংলাদেশ সীমান্ত সিল করে দিয়েছে নির্বাচন কমিশন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।