বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, অন্তঃসত্ত্বা নারীসহ আহত ১০

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৫

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বর্নি ইউনিয়নের দক্ষিণ বর্নি গ্রামের মুন্সীপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও আহতদের ভাষ্য অনুযায়ী, দক্ষিণ বর্নি গ্রামের রানা মুন্সি ও তার চাচাতো ভাই ওবায়েদ মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। গত সোমবার বিকেলে ওই জমিতে ইটের দেয়াল নির্মাণের সময় রানা মুন্সির লোকজনকে বাধা দেন ওবায়েদ মুন্সি ও তার অনুসারীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।

এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ওবায়েদ মুন্সির নেতৃত্বে ২০ থেকে ৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রানা মুন্সির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহত ৬ জনকে গোপালগঞ্জ দুই শত পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা নারী মেঘলা আক্তার বলেন, তার প্রবাসী স্বামী রানা মুন্সির সঙ্গে ওবায়েদ মুন্সির জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় ওবায়েদ মুন্সির নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা করে। বাধা দিতে গেলে তিনি মারধরের শিকার হন। তিনি অনাগত সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়েদ মুন্সি বলেন, তিনি একজন কলেজের শিক্ষক এবং বিএনপির সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং প্রতিপক্ষই তাদের লোকজনকে মারধর করেছে এবং বাড়িঘর লুটপাট করেছে বলে তিনি দাবি করেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top