বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে: সেতুমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৪৪

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক সংগ্রামের প্রশংসা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম বলেছেন, তার নেতৃত্বেই ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি সফল গণঅভ্যুত্থান সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বর্তমান সংসদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দান নয়, এটি জনগণের প্রকৃত সংসদ।

সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গত ১৭ বছরে হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন, যার মধ্যে এক হাজার ৪০০ জন শহীদ হয়েছেন। প্রয়োজন হলে তারাও জীবন দিতে প্রস্তুত ছিলেন বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি নিজেই ১৯৩টি মামলার শিকার হয়েছেন, নয়বার কারাভোগ করেছেন এবং ৯৭ দিন রিমান্ডে ছিলেন। এমনকি তিন দিন গুম থাকার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় থাকার কথাও উল্লেখ করেন।

রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু সরকারি দলের নয়, পুরো সংসদের নেতা। তিনি বিরোধী দলের সদস্যদের সংসদীয় কার্যক্রমে আরও দক্ষ ও পরিপক্ক করে তুলতে প্রধানমন্ত্রীর সান্নিধ্য ও বিশেষ কর্মশালার আয়োজনের প্রস্তাব দেন।

তিনি বলেন, সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত দিকনির্দেশনা দিচ্ছেন, যার ফলে সংসদ সদস্যরা আরও পরিপক্ক হচ্ছেন। তবে সংসদের মর্যাদা বৃদ্ধি করতে বিরোধী দলের সদস্যদেরও সংসদীয় বিধি-বিধান ও আলোচনায় দক্ষতা বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে বলেন, তিনি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছেন এবং বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেছেন। পাশাপাশি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং সংসদীয় সরকার ব্যবস্থা ও তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তনে তার অবদানের কথাও তুলে ধরেন।

মন্ত্রী বলেন, একটি পুরোনো রাজনৈতিক দল দীর্ঘদিন জনগণের ভোটে ক্ষমতায় না আসায় হতাশ হতে পারে। নির্বাচনের আগে যাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হয়, তারা রাজনৈতিকভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনে জনগণ বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে। জুলাই সনদের পক্ষে ৭১ শতাংশ মানুষের মতামতের কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ৫১ শতাংশ মানুষ বিএনপির প্রস্তাবিত বাস্তবায়ন পদ্ধতিকে সমর্থন করেছে, যা অধিক গ্রহণযোগ্য।

সবশেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে এবং গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top