স্ত্রী ও ছেলের হাতে খুন প্রবাসী আলমগী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:৪০
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রবাসী আলমগীর হোসেন (৪০) হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নিজ ঘরেই স্ত্রী ও সন্তানের হাতে তিনি নিহত হন।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী রহিমা বেগম (৩৫) ও ছেলে রবিউল হাসান রাকিব (১৮)-কে গ্রেপ্তার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ। শুক্রবার (১ মে) ভোরে উপজেলার উত্তর পদুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের সঙ্গে প্রথম স্ত্রী রহিমা বেগমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০০৭ সালে দ্বিতীয় বিয়ের পর সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। পরে কয়েক মাস আগে তিনি দেশে ফিরে প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস শুরু করেন, তবে বিরোধের অবসান হয়নি।
তদন্ত অনুযায়ী, ২৮ এপ্রিল রাতে পারিবারিক বিষয় নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে আলমগীর উত্তেজিত হয়ে পড়েন এবং স্ত্রীর মোবাইল ভেঙে ফেলেন ও দা উঁচিয়ে ভয় দেখান। এতে ক্ষুব্ধ হয়ে মা ও ছেলে মিলে তাকে দা দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর বিষয়টি আড়াল করতে তারা ‘অজ্ঞাত দুর্বৃত্তের হামলা’ বলে প্রচার চালায়। তবে সন্দেহজনক বক্তব্য ও প্রমাণ বিশ্লেষণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে সত্য উদ্ঘাটন করে।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, ফরেনসিক ও পারিপার্শ্বিক প্রমাণে এটি পারিবারিক হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত হওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে এবং রক্তমাখা দা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। ঘটনার দ্রুত রহস্য উদ্ঘাটনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।