সোমালিয়া উপকূলে ফের জলদস্যু তৎপরতা, এক সপ্তাহে একাধিক জাহাজ ছিনতাই
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:৪২
আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। আফ্রিকার সোমালিয়া উপকূলে জলদস্যু হামলার ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো।
বিশ্লেষণ অনুযায়ী, চলতি সপ্তাহে অন্তত তিনটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি তেলবাহী জাহাজ ‘অনার ২৫’, একটি মাছ ধরার জাহাজ এবং একটি সিমেন্টবাহী জাহাজ রয়েছে।
নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ও বাব আল-মান্দেব প্রণালি এলাকায় উত্তেজনা ও নিরাপত্তা সংকটের কারণে বিভিন্ন দেশের নৌবাহিনী সেখানে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে সোমালিয়া উপকূলে টহল ও নজরদারি তুলনামূলকভাবে কমে গেছে, যা জলদস্যুদের সক্রিয় হওয়ার সুযোগ তৈরি করেছে।
ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল ফোর্স জানিয়েছে, এপ্রিলের তৃতীয় সপ্তাহ থেকে ওই অঞ্চলে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জাহাজ চলাচলকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে এবং হুমকির মাত্রাকে “উল্লেখযোগ্য” বলে উল্লেখ করেছে।
বিশ্লেষকদের মতে, ২০০০-এর দশকের শুরুতে সোমালিয়া উপকূল বিশ্বে জলদস্যুদের অন্যতম সক্রিয় এলাকা ছিল। আন্তর্জাতিক নৌবাহিনীর সমন্বিত টহলের কারণে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা ঘাটতির কারণে সেই ঝুঁকি আবারও ফিরে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।