টানা ভারী বৃষ্টিতে বাড়ছে বন্যা ঝুঁকি, নতুন তিন জেলায় প্লাবনের আশঙ্কা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৩:২০

সংগৃহীত

দেশজুড়ে মঙ্গলবার থেকে শুরু হওয়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে ইতিমধ্যে দুটি জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে আরও তিনটি জেলা বন্যার কবলে পড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (২৯ এপ্রিল) কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া জানান, টানা বৃষ্টির প্রভাবে মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে বন্যা শুরু হয়েছে। একইসঙ্গে হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার নিচু এলাকাগুলোতেও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সেখানেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভুগাই কংস, মনু, সোমেশ্বরী ও মগরা—এই চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে মনু নদী ছাড়া বাকি তিনটি নদী নেত্রকোনা জেলার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ওই অঞ্চলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রমেঘের সক্রিয়তা অব্যাহত থাকায় আগামী তিনদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এই বৃষ্টিপাত থেমে থেমে চলতে পারে এবং আগামী ৪ মে পর্যন্ত এর প্রভাব থাকতে পারে। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top