বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে গণপিটুনিতে ট্রাকচালকের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ০৯:৪৩
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনির ঘটনায় এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।
শুক্রবার (১ মে) দিবাগত রাতে তালমা ইউনিয়ন-এর বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম হান্নান (৪৫), তিনি জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক রসুলপুর এলাকা থেকে দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে যাওয়ার সময় একাধিক পথচারীকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে। এতে অন্তত ১০ জন আহত হন বলে স্থানীয়রা দাবি করেন। পরে ট্রাকটি বিলনালিয়া এলাকার মুন্সী স্টোরে ধাক্কা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় ক্ষুব্ধ জনতা ট্রাকচালক, হেলপারসহ তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক হান্নানকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন—নাঈম (২২) ও আল-আমিন (২৫)—চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, উত্তেজিত জনতা ট্রাকচালকসহ তিনজনকে মারধর করে গুরুতর আহত করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।