শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

চুরির অভিযোগ ঘিরে কিশোরকে ডেকে নিয়ে নির্যাতন, হাসপাতালে ভর্তি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:৩৯

সংগৃহীত

মাগুরার শিমুলিয়া এলাকায় পূর্বের একটি চুরির ঘটনার জেরে রিজভী (১৪) নামে এক কিশোরকে ডেকে নিয়ে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসের শেষ দিকে ওই এলাকায় একটি মেশিন চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার পর রিজভীকে সন্দেহের সঙ্গে যুক্ত করে কয়েকজন ব্যক্তি তাকে চাপ ও ভয়ভীতি দেখায় বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি তিনি স্থানীয়দের কাছে প্রকাশ করলে উত্তেজনা তৈরি হয়।

অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১ মে) জুমার নামাজের পর “আম খাওয়ানোর কথা বলে” রিজভীকে শিমুলিয়ার একটি লিচু বাগানে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকেই কয়েকজন কিশোর ও যুবক অবস্থান করছিল। এরপর তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং একটি মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় বলেও দাবি পরিবারের।

ভুক্তভোগীর পরিবার জানায়, রিজভী মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধড়ক মারধর করা হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

রিজভীর বাবা খোকন ও মা মনিরা বেগম ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এলাকায় চুরির সন্দেহে স্থানীয়ভাবে উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটতে পারে এবং বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে মো. আশিকুর রহমান, মাগুরা সদর থানার ওসি জানান, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top