অতিভারি বৃষ্টিতে সিলেট–সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা, সতর্কবার্তা জারি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১০:০২
সুরমা-কুশিয়ারা অববাহিকার পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনের অতিভারি বৃষ্টিপাত সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, বর্তমানে নদ-নদীর পানি স্থির থাকলেও বৃষ্টিপাতের কারণে তা দ্রুত বাড়তে পারে। বিশেষ করে কুশিয়ারা নদী কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা সিলেট ও সুনামগঞ্জ জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে প্লাবন ডেকে আনতে পারে।
একই সঙ্গে সারি গোয়াইন নদী ও যাদুকাটা নদীর পানিও বাড়ার আশঙ্কা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে।
অন্যদিকে, নেত্রকোনা জেলার ভুগাই-কংস নদী ও সোমেশ্বরী নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া মগরা নদীর পানি বাড়ায় পরিস্থিতির আরও অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।
ধনু-বাউলাই অববাহিকায় কিশোরগঞ্জ ও নেত্রকোনায় পানি বাড়ছে। বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। খোয়াই নদী ও জুরি নদী আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং মনু নদীর পানি সতর্কসীমা ছাড়িয়ে যেতে পারে।
এতে মৌলভীবাজারের হাওর অঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, আর হবিগঞ্জে বিদ্যমান বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।