কালবৈশাখীর তাণ্ডবে বরিশাল–পিরোজপুরে দুই নারীর মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১০:০৩
প্রবল কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে বরিশাল ও পিরোজপুর জেলায় দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) পৃথক দুটি ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইয়াসমিন বেগম (৩৩) ও পারুল বালা (৮০)। ইয়াসমিন বরিশালের চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামের বাসিন্দা। অন্যদিকে পারুল বালা পিরোজপুরের রাজপাশা গ্রামের বাসিন্দা এবং লক্ষীকান্ত সমাদ্দারের স্ত্রী। তিনি চার ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কালবৈশাখী ঝড়ে একটি বড় চাম্বুল গাছ ভেঙে পড়ে রংমিস্ত্রি সোহেলের টিন-কাঠের ঘরের ওপর। এতে ঘরটি ধসে পড়ে এবং নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইয়াসমিন বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় তার ৭ বছর বয়সী ছেলে জিসান গুরুতর আহত হয়। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও দাফনের জন্য ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি।
অন্যদিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় দুপুরে গোসল করতে গিয়ে ঝড়ের কবলে পড়েন পারুল বালা। এ সময় খালের পাড়ে থাকা একটি বড় গাছ ভেঙে তার ওপর পড়ে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঝড়ের সময় অপ্রয়োজনে বাইরে না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।